যশোর প্রতিনিধি
যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের উলাশী খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহিনুর রহমান (৩৫) এবং মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৪২)।
পুলিশ জানায়, সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে নাভারণমুখী একটি প্লাটিনা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহিনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় তোজাম্মেল হোসেনকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।