যশোর প্রতিনিধি
যশোর উপশহরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ। এ অভিযানে প্রায় ৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকা।
রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে সোমবার বিকেল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে উপশহরের বাবলাতলা, বি-ব্লক, সি-ব্লক, পার্কসংলগ্ন এলাকা ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে বিএনপি ও আওয়ামী লীগের তিনটি আঞ্চলিক কার্যালয়সহ চার শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাউজিং এস্টেটের সরকারি খাস জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। একাধিকবার নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে অবৈধ দখলদারদের সরে যেতে বলা হলেও তারা জমি ছাড়েননি।
খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে বাবলাতলা এলাকায় সরকারি জমিতে নির্মিত একটি বাড়ি ভেঙে ফেলা হয়। পরে গাবতলা মোড়, বি-ব্লক বাজার, সি-ব্লক এবং পার্কসংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দোকান, বাড়িঘর ও কারখানা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
তবে কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, পূর্ব নোটিশ ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়েছে। কেউ কেউ দাবি করেন, অতীতে গৃহায়ন কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা টাকা নিয়ে সেখানে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। হঠাৎ উচ্ছেদ অভিযানে শতাধিক পরিবার বিপাকে পড়েছে বলে তারা জানান।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, বারবার নোটিশ ও মাইকিং করার পরও অবৈধ দখলদাররা সরে যাননি। তাই কর্তৃপক্ষ বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে তিনি জানান।