পল্লী বিদ্যুৎ কর্মীদের মারপিট ও অবরুদ্ধের অভিযোগে মা ও দুই মেয়ে আটক

Share

যশোর প্রতিনিধি
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দুই কর্মচারীকে মারপিট ও অবরুদ্ধ করার অভিযোগে মা ও দুই মেয়েকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলার বাদী যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মনিরুজ্জামান খান। সোমবার ১১ মে দুপুরে তিনি এ মামলা দায়ের করেন।
আটকরা হলেন, সদর উপজেলার কামালপুর (সতীঘাটা) এলাকার আব্দুল করিমের মেয়ে ও আব্দুস সালামের স্ত্রী জাহানারা খাতুন, তার মেয়ে শারমিন খাতুন ও সুমি সওদাগর। পরে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক আব্দুস সালামের তিন মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লাইনম্যান গ্রেড-১ অরিন্দম মণ্ডল ও গ্রেড-২ জিতু টিকাদার ওই বাড়িতে যান। তারা বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় আব্দুস সালাম, তার স্ত্রী ও মেয়েরা স্থানীয় লোকজনকে ডেকে এনে বিদ্যুৎ কর্মীদের গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়। এক পর্যায়ে অরিন্দম মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং জিতু টিকাদারকেও মারপিট করে আহত করা হয়। পরে তাদের অবরুদ্ধ করে রাখা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে মা ও দুই মেয়েকে আটক করে। তবে এ ঘটনায় অভিযুক্ত আরও কয়েকজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

Read more