নিজস্ব প্রতিবেদক:
যশোরে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার–এর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতে মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে বিচারক মাহমুদা খাতুন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশে বৈধ অস্ত্রের লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়। একইসঙ্গে লাইসেন্সধারীদের ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, শাহীন চাকলাদার তার নামে ইস্যুকৃত লাইসেন্স করা পিস্তল (নং-৬৯৪৪৬) নির্ধারিত সময়ের মধ্যে থানায় জমা দেননি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ আল নাহিয়ানের অনুসন্ধানে উঠে আসে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের দিন শাহীন চাকলাদার অস্ত্রসহ আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চার্জশিটে আরও বলা হয়, সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্র নিজের কাছে রেখে আত্মগোপনে যাওয়ায় জননিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তদন্ত কর্মকর্তার আশঙ্কা, অস্ত্রটি অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে শাহীন চাকলাদারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। পরে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।