যশোর প্রতিনিধি
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গঠিত শিক্ষা কল্যাণ ট্রাস্টে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান ও তার সহধর্মিণী ফিরোজা পারভীন।
রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন তারা। এ অর্থ দিয়ে “প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও ফিরোজা পারভীন শিক্ষা কল্যাণ ট্রাস্ট” গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ট্রাস্টের মূল অর্থ স্থায়ী আমানত হিসেবে সংরক্ষিত থাকবে। সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান বলেন, দীর্ঘদিনের ইচ্ছা থেকেই শিক্ষার্থীদের কল্যাণে এই ট্রাস্ট গঠন করা হয়েছে। কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সেটিই তাদের মূল লক্ষ্য।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো শিক্ষকের ব্যক্তিগত অর্থায়নে এ ধরনের শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠনের ঘটনা এটাই প্রথম। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিরোজা পারভীন, ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, রেজিস্ট্রার মো. কাজী জালাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।