যশোর প্রতিনিধি:
যশোরের শার্শায় অপহরণের এক মাস পর ইকরামুল কবির (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে শার্শা উপজেলার সেতাই গ্রামে বোনের বাড়ি থেকে ইকরামুল কবিরকে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা ও মুক্তিপণ দাবির অভিযোগে ইকরামুলের বাবা মো. আব্দুর রশিদ বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা গ্রামের বাসিন্দা হয়ে আদালতে একটি নালিশি দরখাস্ত দায়ের করেন। আদালতের নির্দেশে শার্শা থানায় অপহরণ মামলা রুজু করা হয়।
মামলার তদন্তভার পান বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) চঞ্চল কুমার বিশ্বাস। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মামলার এজাহারভুক্ত তিন আসামী মুন্নি আক্তার ওরফে মুন্নি (৩৬), কাকলী আক্তার ওরফে কাকলী (৩৪) ও ফজলু ওরফে ফজু মোড়লকে (৬০) গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যে মূল আসামী আল ফরহাদকে (২৩) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আল ফরহাদ পুলিশকে জানান, তার স্ত্রীর সঙ্গে ইকরামুলের পরকীয়া সম্পর্ক ছিল। সেই ক্ষোভ থেকেই তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গরুর গোয়ালঘরের ভেতরে গর্ত করে পুঁতে তার ওপর কংক্রিটের ঢালাই দেওয়া হয়।
পরে আল ফরহাদের দেখানো স্থান থেকে পুলিশ ইকরামুল কবিরের মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা আব্দুর রশিদ মরদেহটি শনাক্ত করেন।
গ্রেফতারকৃত আসামীদের শনিবার (১০ মে) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপহরণের এক মাস পর মিলল ইকরামুলের মরদেহ, প্রধান আসামীসহ গ্রেফতার ৪
Share
Read more