যশোর প্রতিনিধি
যশোর শহরে ডিউটিরত অবস্থায় শওকত আলী (৪৬) নামে এক নাইটগার্ডকে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার বড়বাজার এলাকার লিবার্টি জুতার শো-রুম সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
আহত শওকত আলী পুলেরহাট মন্ডলগাতী এলাকার মৃত মনছের আলীর ছেলে। তিনি বড়বাজার কাপুড়িয়া পট্টিতে নাইটগার্ড হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, ডিউটিরত অবস্থায় রাতের খাবার আনতে লালদিঘীরপাড় এলাকার একটি হোটেলে যান শওকত আলী। সেখান থেকে ফেরার পথে লিবার্টি জুতার শো-রুমের সামনে একটি গলির মধ্যে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তার পিঠের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।
যশোরে নাইটগার্ডকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
Share
Read more