যশোরের শার্শায় নিখোঁজের এক মাস পর গোয়ালঘরের মাটি খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধার

Share

যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের এক মাস পাঁচদিন পর ইকরামুল কবির (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রামের একটি গোয়ালঘরের মাটি খুঁড়ে শনিবার রাত আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত ইকরামুল কবির পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতপুর গ্রামের আলফুরাদের স্ত্রী মুন্নী বেগমের সঙ্গে ইকরামুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধও ছিল বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে পাওনা টাকা আদায়ের কথা বলে মুন্নীর বাড়িতে যান ইকরামুল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয় পুলিশ কোন পদক্ষেপ বা অভিযোগ না নেওয়ায় আদালতের স্বরনাপন্ন হয়। আদালত শার্শা থানাকে নির্দেশ দেন।
পরে তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে মুন্নীর স্বামী আলফুরাদকে আটক করে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে বসতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে অভিযুক্তদের গোয়ালঘরের মেঝে খুঁড়ে মাটিচাপা অবস্থায় ইকরামুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর বাড়ির মাটির নিচ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তার মেঝ বোনের অভিযোগ ইকরামুলকে হত্যা করে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, প্রাথমিকভাবে পরকীয়া সম্পর্ক ও আর্থিক বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Read more