প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আমাদের আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। আর সেই যুদ্ধটি হলো জনগণকে দেওয়া আমাদের প্রতিটি প্রতিশ্রুতি (কমিটমেন্ট) বাস্তবায়ন করা।
শনিবার (৯ মে) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম সুশাসন দেবো। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যে, দেশে মানুষ শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমাদের রাজনীতিতে আমরা কথা বলবো, বিতর্ক করবো, কিন্তু মানুষের উপর নির্যাতনের পরিবেশ আমরা তৈরি করতে দেবো না। এখন আমাদের যুদ্ধ হচ্ছে মানুষকে যে কমিটমেন্ট করেছিলাম তা বাস্তবায়ন করা।
উপস্থিত নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপি যদি সহযোগিতা না করে, অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না। আর বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা যাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের সঙ্গে নিয়ে সরকারের পেছনে এসে দাঁড়ান।
তিনি আরও বলেন, এর বাইরে হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। সেজন্য উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন।
ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এ মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য রাখেন।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটাই প্রথম মতবিনিময় সভা।