যশোর প্রতিনিধি: যশোর পৌরসভার ৮ কিলোমিটার বেহাল সড়কের উন্নয়ন এবং ৭ কিলোমিটার ড্রেন নির্মাণ এবং ৩ কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর সদরের ৫ এবং ৭ নম্বর ওয়ার্ডের পৃথক সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান জানান, ৫ নম্বর ওয়ার্ডের চোরমারা দিঘী ( উত্তরপাড়) হতে হাজামপাড়া মোড় পর্যন্ত সড়কের উন্নয়ন এবং ড্রেন নির্মাণ করা হবে। এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের চোপদারপাড়া থেকে মামুনের বাড়ি হতে মদিনা মসজিদ, শহীদের বাড়ি হতে বিশ্বাসের বাড়ি, হাসমতের বাড়ি হতে আকতারের বাড়ি, মনা মিয়ার বাড়ি হতে ফারুকের বাড়ি, শাহজাহানের বাড়ি হতে তন্ময়ের বাড়ি চোপদারপাড়া সড়ক হতে পিয়ারি মোহন সড়ক এবং রয়েলের বাড়ি হতে কামালের বাড়ি হয়ে নুরুন্নবীর বাড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন এবং ড্রেন নির্মাণ করা হবে। এ সকল সড়কের মধ্যে ৩ কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এই কাজের ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা। আগামী বছর জুনের মাসের মধ্যে কাজের মেয়াদ শেষ হবে।