নাভারণে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক আহত

Share

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সজল (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে নাভারণ আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সজল ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে নাভারণ অভিমুখে যাচ্ছিলেন সজল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

Read more