যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণ,দুই মোটরসাইকেল লুট

Share

স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও দুইটি মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে এবং লুট হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুকুর খননকে কেন্দ্র করে বিরোধের জেরে একই এলাকার রবি হোসেন ও অজ্ঞাত আরও ২/৩ জন ইয়াকুব আলীর বাড়িতে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি ও গালিগালাজ করে।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে তারা বাড়ির দরজা ভেঙে একটি পালসার ও একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে যায়।
ঘটনার পর শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে রবি হোসেনকে আটক করে। একইসঙ্গে লুট হওয়া দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ইয়াকুব আলীর বাড়ির পাশের জমিতে গভীরভাবে পুকুর খনন করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এছাড়া রবি হোসেনের কাছে ইয়াকুব আলীর প্রায় দুই লাখ টাকা পাওনা রয়েছে বলেও দাবি করা হয়।
শার্শা থানার ডিউটি অফিসার জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Read more