তামিলনাড়ুতে জমে উঠেছে ক্ষমতার লড়াই, কি করবেন বিজয়?

Share

ভারতের তামিলনাডু বিধানসভা নিয়ে নতুন নাটকীয়তার সৃষ্টি হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার ৭২ ঘণ্টার পার হলেও এখনও নিশ্চিত নয় রাজ্যটির সরকার গঠন। এ নির্বাচনে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সর্বোচ্চ ১০৮টি আসনে জয়লাভ করেছে। টিভিকের জয়ের পর সরকার গঠনের জন্য দাবি জানালেও সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চেয়েছেন রাজ্যপাল আর ভি আরলেকার।

সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের আগে অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থনের চিঠি জমা দিতে হবে বলে বিজয়কে জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের মতে, নির্বাচনে বড় জয় পেলেও এখনও পর্যাপ্ত সংখ্যা জোগাড় করতে পারেনি দলটি।

এদিকে রাজ্যটির রাজনীতিতে দীর্ঘ ৬২ বছর ধরে ডিএমকে এবং এডিএমকে একে অপরের প্রতিপক্ষ। কিন্তু এখন দল দুটি নাটকীয়ভাবে টিভিকে-কে সরকার গঠন থেকে বিরত রাখার উপায় খুঁজছে বলে জানা যাচ্ছে।

যদিও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি, তবে উভয় শিবিরের অভ্যন্তরীণ আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে এই সম্ভাবনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

কংগ্রেস টিভিকে-কে সমর্থন জানানোর কয়েক ঘণ্টা পরই এই দুই দলের মধ্যে আলোচনার খবর সামনে আসে। ডিএমকে বা এআইএডিএমকে কেউই এই খবরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

নির্বাচনে ডিএমকে ৫৯টি আসন জিতেছে এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে এই দুই দলকে একসঙ্গেও ছোট দলগুলোর সমর্থনের প্রয়োজন হবে।

এদিকে পাল্টা কৌশল অবলম্বণ করেছে বিজয়ের দল টিভিকেও। নির্বাচনে ১০৮ আসনে জয় লাভ করেছে দলটি। যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে ১০টি কম। এই ঘাটতি পূরণে শর্তসাপেক্ষে দলটিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। শর্তটি হলো- টিভিকে সাম্প্রদায়িক কোনো শক্তির ( ভারতীয় জনতা পার্টিকে ইঙ্গিত করে) সঙ্গে কোনো সম্পর্ক রাখতে বা জোট করতে পারবে না।

নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছে ৫টি আসনে। যা নিয়ে টিভিকে জোটের মোট আসন সংখ্যা দাঁড়াই ১১৩-তে। তবে সরকার ঘঠনের জন্য আরও ৬টি আসনের প্রয়োজন টিভিকের।

এই ৬ আসন পূরণ করতে বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (দুটি আসন) এবং পাট্টালি মাক্কাল কাচ্চির (চারটি আসন) মতো ছোট তামিল দলগুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে দলটি।

টিভিকে, কংগ্রেস, বাম, ভিসিকে, পিএমকে; সবগুলো দলের সর্বমোট আসন সংখ্যা দাড়াবে ১২৩টি। যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

যদিও ভিসিকে (বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি) বর্তমানে ডিএমকে’র সঙ্গে জোটবদ্ধ। ফলে বিজয়ের সঙ্গে যোগ দিতে হলে উভয়কে তাদের বর্তমান জোট ভাঙতে হবে। টিভিকের পরবর্তী সরকার গঠন এবং অভিনেতার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এটাই সবচেয়ে সম্ভাব্য পথ বলে মনে হচ্ছে।

Read more