যশোর প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসীন কবিররের বিরুদ্ধে তার ফুফুর
পৈত্রিক জমি এবং কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আফরোজা আক্তার এ অভিযোগ করেন। তিনি দাবি করেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাতিজারা তাকে ও তার সন্তানদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।
আফরোজা আক্তার যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত আলহাজ্ব আলী হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসলেও সম্প্রতি তার ওপর নেমে এসেছে নির্যাতনের খড়গ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, পৈত্রিক ও মাতৃসূত্রে প্রাপ্ত সম্পত্তি তার নামে রেকর্ড। সেখানে তার মায়ের কবর, সন্তানদের কবর আছে। কিন্তু তার ভাই ও ভাতিজারা মিলে তার জমি ও বসতভিটা দখলের চেষ্টা করছে। বিশেষ করে তার ভাইপো স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক বিএনপি নেতা মহসিন কবির এবং আরেক ভাইপো নাসিম জামান রিপাতসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এই হয়রানি চালিয়ে আসছে। তাদের অত্যাচারে শুধু পৈত্রিক ভিটায় যেতে পারছেন না। এমনকি মা ও সন্তানদের কবরে জিয়ারত করতেও বাধা দেওয়া হচ্ছে। তারা কবরস্থানের গেটে তালা লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, গত ২৮ ডিসেম্বর আপোষ মীমাংসার কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে লাঞ্ছিত করা হয়। পরবর্তী সময়ে তার পুকুর থেকে মাছ চুরি এবং তাকে ফাঁসাতে মিথ্যা মামলা ও সংবাদ প্রচার করার অভিযোগও করেন তিনি। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দারস্থ হলেও তারা অসহযোগিতা করছে বলে অভিযোগ তোলেন তিনি।
এই বর্বরোচিত নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের উচ্চপর্যায়ে এবং বিভিন্ন নেতার দ্বারে দ্বারে ঘুরেছেন কিন্তু কোনো সুরাহা পাননি। এমতাবস্থায় তিনি পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আফরোজা আক্তার সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই প্রভাবশালী মহলের হাত থেকে রেহাই ও ন্যায়বিচার কামনা করছেন।
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে ফুফুর কবরস্থানসহ জমি দখলের অভিযোগ
Share
Read more