নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় শামীমা আক্তার (৪৫) নামের এক অসহায় নারী বিনামূল্যে একটি গরু পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। তিন সন্তানের জননী শামীমার বড় মেয়ের বিয়ে হয়েছে কয়েক বছর আগে। দুই ছেলে নিয়ে বর্তমানে তিনি বাবার বাড়িতে আশ্রয় নিয়ে জীবনযাপন করছেন।
পারিবারিক অশান্তির জেরে স্বামী তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সন্তানদের নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন শামীমা। অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করে কোনোমতে সংসার চালাচ্ছিলেন তিনি।
বুধবার (৬ মে) সকালে ব্র্যাকের আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় যশোর সদর উপজেলার বসুন্দিয়া শাখা থেকে শামীমার হাতে বিনামূল্যে একটি গরুর বাছুর তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমান।
গরুটি পেয়ে শামীমা জানান, “আমার দুই সন্তানের মতো করেই গরুটি লালন-পালন করবো। ভবিষ্যতে গরুটি বিক্রি করে সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশা করছি। খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম, গরুটি পেয়ে অনেক উপকার হলো।”
এ সময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া শাখার ব্যবস্থাপক ফাতেমা খাতুন, ব্র্যাকের এগ্রিকালচার অ্যান্ড ইনকাম জেনারেশন প্রকল্পের যশোর আঞ্চলিক অফিসের সিনিয়র কর্মকর্তা রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
প্রকল্প সূত্রে জানা যায়, চলতি বছরে বসুন্দিয়া শাখায় বিনামূল্যে ৫০ জনকে গরু-ছাগল প্রদান এবং ব্র্যাকের সহায়তায় ২৫০ জনকে বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি নারীদের গবাদি পশু পালনে প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে। বুধবার অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০ জন নারী অংশ নেন।