যশোরে ডিবি পুলিশের অভিযানে ৭১ বোতল এসকাফ সিরাপসহ আটক ২ মাদক ব্যবসায়ী

Share

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭১ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (Eskuf) কফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, ৫ মে ২০২৬ তারিখে এসআই (নিঃ) মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল চৌগাছা বাজার এলাকার ব্রিজে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী কংশারীপুর মাইক্রোস্ট্যান্ড মাঠে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশ উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। আটককৃতরা হলো— মোঃ মাহাবুবুল হাসান ওরফে সাগর (২৬) এবং মোঃ মাহাফুজ (১৯)। তাদের বাড়ি যশোর জেলার চৌগাছা থানার দীঘলসিংহা গ্রামে।
পরে তল্লাশি চালিয়ে মাহাবুবুল হাসানের কাছ থেকে ৫১ বোতল এবং মাহাফুজের কাছ থেকে ২০ বোতলসহ মোট ৭১ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৬ মে ২০২৬ তারিখে আদালতে প্রেরণ করা হয়েছে।

Read more