যশোরে বিটিসিএলের ডিপি বক্স চুরি: তিন চোর আটক, তামার তার উদ্ধার

Share

যশোর প্রতিনিধি 
যশোর শহরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ডিপি বক্স চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ডিপি বক্সের তামার তার উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো— যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের বাসিন্দা বর্তমানে শহরের বেজপাড়া এলাকায় বসবাসকারী নাসেম আলী, শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শুকুর আলী এবং শংকরপুর হারান কলোনির ইউনুস।
পুলিশ জানায়, এ ঘটনায় আটককৃতদের পাশাপাশি আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত মোশারফ সরদারের ছেলে এবং বিটিসিএলের কর্মচারী মোদাচ্ছের হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ এপ্রিল শহরের খাজুরা রোডের মাথায় অবস্থিত একটি ইলেকট্রো শোরুমের পশ্চিম পাশে থাকা বিটিসিএলের ডিপি বক্স থেকে গ্রাহকদের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, ডিপি বক্সটি চুরি হয়ে গেছে।
পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ৭ এপ্রিল রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাত চোরেরা একটি রিকশার মাধ্যমে ডিপি বক্সটি তুলে নিয়ে যায়।
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৪ মে সোমবার চক্রটির রিকশাচালক সদস্য নাসেম আলীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে বিটিসিএলের কেবলের তামার তার উদ্ধার করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Read more