মা ও নবজাতকের নিরাপদ ভবিষ্যৎ গড়ি, দক্ষ মিডওয়াইফের হাত ধরি

Share

স্টাফ রিপোর্টার যশোর :
‘মা ও নবজাতকের নিরাপদ ভবিষ্যৎ গড়ি, দক্ষ মিডওয়াইফের হাত ধরি’ এই প্রত্যয় নিয়ে যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬।

মঙ্গলবার (৫ মে) যশোর নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এবং জেলার বেসরকারি নার্সিং কলেজগুলোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘আরও এক মিলিয়ন (১০ লক্ষ) মিডওয়াইফ প্রয়োজন’। বিশ্বজুড়ে দক্ষ মিডওয়াইফের সংকট নিরসন এবং নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রতিপাদ্য বেছে নেওয়া হয়েছে।

এদিন সকালে যশোর নার্সিং কলেজ ও ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ আর্জিনা খাতুনের নেতৃত্বে র‍্যালিটি যশোর জেনারেল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউটে এসে শেষ হয়। র‍্যালিতে নার্সিং ও মিডওয়াইফারি কলেজর ইন্সট্রাক্টর খুকুমণি, মোত্তাকিন নেছাসহ কর্মকর্তা, শিক্ষক ও কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিটি নতুন জীবনের সূচনায় একজন মিডওয়াইফের স্পর্শ থাকে আশীর্বাদ স্বরূপ। গর্ভকালীন সেবা থেকে শুরু করে প্রসব এবং প্রসব পরবর্তী যত্নে তাদের ভূমিকা অপরিসীম। মা ও শিশুর মৃত্যুহার কমাতে দক্ষ মিডওয়াইফদের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এই মহান পেশায় নতুন প্রজন্মকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান এবং মিডওয়াইফদের কাজের উপযুক্ত পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নার্সিং ও মিডওয়াইফারি কলেজর অধ্যক্ষ আর্জিনা খাতুন তার বক্তব্যে বলেন, “মিডওয়াইফ শুধু একটি পেশা নয়, এটি একটি মহান মানবিক দায়িত্ব। একজন মিডওয়াইফ একটি পরিবারের হাসি ও মায়ের ও শিশুর জীবনের নিশ্চয়তা দেন। তবে বাস্তব চিত্র হলো, বিশ্বজুড়ে এখনো অসংখ্য মা ও শিশু সঠিক সেবা থেকে বঞ্চিত। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আরও ১০ লক্ষ দক্ষ মিডওয়াইফ তৈরি করা এখন সময়ের দাবি।

Read more