যবিপ্রবিতে আইপিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Share

বিশেষ প্রতিনিধি 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্যালারিতে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করা, উদ্ভাবকদের আইনগত সুরক্ষা নিশ্চিত করা এবং পেটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষকদের জন্য আইপিআর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা, পেটেন্ট ও কপিরাইট সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি প্রতিটি গবেষকের দায়িত্ব। এ ধরনের সেমিনারের মাধ্যমে গবেষকরা পেটেন্ট আবেদন প্রক্রিয়া ও গবেষণাপত্র সংরক্ষণ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবেন, যা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল হোসেন সরকার। তিনি তার প্রবন্ধে পেটেন্ট আবেদন প্রক্রিয়া এবং বাংলাদেশে বিদ্যমান মেধাসম্পদ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভি।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।
সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read more