‘প্রজেক্ট ফ্রিডম’ কী, কেন এই অভিযান শুরু করছেন ট্রাম্প?

Share

ইরানের অবরোধের মুখে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকট নিরসনে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। গত রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই নতুন প্রকল্পের কথা জানান।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালি ও এর পার্শ্ববর্তী এলাকায় অবরুদ্ধ হয়ে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা প্রদান করা। মার্কিন নৌবাহিনী এই জাহাজগুলোকে পাহারার মাধ্যমে নিরাপদ জলসীমায় পৌঁছে দেবে। ট্রাম্পের দাবি, অনেক দেশ তাদের বাণিজ্যিক জাহাজ উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি অনুরোধ জানিয়েছে, যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক সংঘাত শুরুর পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিতে অবরোধ জারি করে। এর ফলে আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শতাধিক জাহাজ আটকা পড়ে। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় বলে এই অবরোধ বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব ফেলেছে।

অবরুদ্ধ জাহাজগুলোতে থাকা নাবিক ও ক্রুদের মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘদিন আটকে থাকায় অনেক জাহাজে খাদ্য ও জরুরি সরবরাহের তীব্র সংকট দেখা দিয়েছে। এই প্রকল্পকে একটি ‘মানবিক সহায়তা প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, জাহাজগুলোতে থাকা নিরপরাধ ক্রুদের মুক্ত করা এবং তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করাই হবে এই প্রকল্পের মূল কাজ।

তবে এই অভিযানকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ চলাকালীন যদি কোনো পক্ষ বাধা সৃষ্টি বা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে সামরিক শক্তির মাধ্যমে কঠোর জবাব দেবে। মার্কিন স্থানীয় সময় সোমবার সকাল থেকেই এই বিশেষ সুরক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি ও ইন্ডিয়া টুডে

Read more