যশোরে মাদকদ্রব্যসহ নারী গ্রেফতার, পৃথক মামলায় ৩ জনের ১০ বছরের কারাদণ্ড

Share

যশোর প্রতিনিধি:
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে পৃথক এক মামলায় ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৩ মে) দুপুরে যশোর শহরের উপশহর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় রোজিনা সাইফুল (৩৯) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী সাইফুল ইসলাম পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ রোজিনাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার ও তার স্বামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় একটি মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাতে বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়।
দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার এ রায় ঘোষণা করেন।

Read more