যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের নবীন দেশি-বিদেশী ছাত্রীদের ওরিয়েন্টেশন

Share

নিজস্ব প্রতিবেদক: অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশে আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত যশোর পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আগমনে অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ৯ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে অনলাইন প্লাটফর্মে সারাদেশের সরকারি-বেসরকারি ১১২টি মেডিকেলের সাথে একযোগে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপি ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। স্বাস্থ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘সরকার বিদ্যমান এমবিবিএস কারিকুলাম আন্তর্জাতিক মানের করার চেষ্টা করছে’।
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অডিটোরিয়াম থেকে অনলাইনে যুুক্ত হন নবীন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং কলেজের শিক্ষকবৃন্দ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অডিটোরিয়ামে মেডিকেল কলেজের আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা নানা দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন।
তিনি বলেন, ‘অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমাদের মেডিকেলে ভর্তি হতে হয়েছে। তোমরা এখান থেকে সফলতার সাথে চিকিৎসক হয়ে বের হতে পারবে। শুধু ভাল চিকিৎসক নয়, ভাল মানুষ হতে হবে’। অধ্যক্ষ তার বক্তৃতা শেষে অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক বিষয়ে বিভিন্ন মতামত জানতে চান। এসময় দেশি-বিদেশী অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেন।
শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস, ফেজ-১ কো-অর্ডিনেটর ও বায়োকেমেষ্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদা সুলতানা সুমী ও ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমু ঘোষ।
অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমরা এই মেডিকেল কলেজের পরিবেশ দেখে অত্যন্ত খুশি। এখানকার নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষক এবং স্টাফদের দেখে আশাবাদী। আমাদের সন্তানরা নিরাপদে উন্নত পরিবেশে মেডিকেলের পাঠ গ্রহণ করতে পারবে’।
নবীন শিক্ষার্থীরা মানবিক চিকিৎসক হবার প্রত্যয় ব্যক্ত করেন। এই পর্যন্ত পৌছে দেয়ায় তারা তাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
৫ম বর্ষের শিক্ষার্থী নাবিলা নুহাত খানের সুরেলা কণ্ঠে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মেডিকেল কলেজের ওপর নির্মিত তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শমন্তি শারমিন দোলা ও চতুর্থ বর্ষের স্মরণিকা বিশ্বাস।
সবশেষে ১৫তম ব্যাচের দেশি-বিদেশী নবীন শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে মঞ্চে গ্রুপ ফটো সেশনে মিলিত হন। উল্লেখ্য, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৭৫ জন ছাত্রী ভর্তি হবার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে ৫৪ জন দেশি ও ২১ জন ভারতীয় ছাত্রী রয়েছেন।

Read more