বিশেষ প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেছেন।
শুক্রবার (১ মে) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কোনো কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীরা জামায়াত নেতাকর্মীদের ওপর দুই দফা হামলা চালায়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মণিরামপুর বাজার এলাকার একটি মসজিদের পূর্ব পাশে অবস্থিত এমপি’র বাসভবনের নিচে প্রথম দফা হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী হামলা চালিয়ে জামায়াতের কয়েকজনকে আহত করে।
পরে জামায়াত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিলের উদ্যোগ নিলে পুলিশ প্রশাসনের অনুরোধে তা স্থগিত করা হয়। তবে রাতের দিকে নেতাকর্মীরা বাড়ি ফেরার সময় মণিরামপুর হাসপাতালে সামনে আবারও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়।
এ সময় দুর্বৃত্তরা গুলি ছোড়ে এবং এক নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে অপর এক কর্মীর পায়ে লাগে। এছাড়া কয়েকজনকে মারধর করে গুরুতর আহত করা হয়।
সংসদ সদস্য গাজী এনামুল হক এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ক্ষতিগ্রস্ত জামায়াত কার্যালয়ের ক্ষতিপূরণ দাবি করেন। একই সঙ্গে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, দাবি পূরণ না হলে পরবর্তী পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।