ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন, যাদের ওই এলাকা থেকে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সংবাদ সংস্থাটি আরও জানায়, এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমার কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি ঝুঁকির মধ্যে ছিল। মূলত ওই জমিগুলো নিরাপদ করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল।
সূত্র: আল জাজিরা