যশোরের মনিরামপুর থানার সাবেক ওসি ও ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

Share

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) ও ছয়জন কথিত সাংবাদিকের বিরুদ্ধে অপহরণ, অবৈধ আটকে রাখা ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী নারীর মা লালমনিরহাট জেলার বাসিন্দা সেলিনা খাতুন যশোর আদালতে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন—মনিরামপুর থানার সাবেক ওসি রিয়াজুল্লাহ খানসহ আরও ছয়জন। মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী তরুণী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এ সুযোগে অভিযুক্তরা বিভিন্নভাবে যোগাযোগ করে তাকে প্রলোভনে ফেলে গত ১৬ মার্চ মনিরামপুরে নিয়ে যায়। পরে তাকে কয়েক ঘণ্টা একটি বাড়িতে ও পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে জোরপূর্বক আটকে রাখা হয়। অভিযোগে আরও বলা হয়, তরুণী থানায় থেকে চলে যেতে চাইলে তাকে নিরাপত্তার কথা বলে বাধা দেওয়া হয় এবং দুই দিন অবৈধভাবে আটকে রাখা হয়। এ সময় তার পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে তরুণীর স্বাক্ষর নিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তরুণীর পরিবার চরম উদ্বেগে পড়ে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ বিষয়ে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Read more