যশোর প্রতিনিধি: যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ করার অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—যশোর সদর উপজেলার সুজলপুর এলাকার রফিক উদ্দিনের ছেলে সুমন, তার ছোট ভাই ইমন, ভেকুটিয়া কারিগরপাড়ার শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম এবং একই গ্রামের মৃত সলেমান দফাদারের ছেলে শাহাজাহান।
এর আগে একই দিন দিনভর ও সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নতুন করে আটক চারজনকেও ওই মামলায় আসামি করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল ও রাতে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলোতে শহরের গরীবশাহ রোড এলাকায় মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই পেজে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে যুবলীগের কর্মসূচির দাবি করা হয়।
বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নেমে অভিযান চালায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন। যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রথমে পাঁচজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে রাতে ডিবির সাইবার ক্রাইম ইউনিট আরও চারজনকে আটক করে।
এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।