নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে যুবলীগের ব্যানারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল ও সমাবেশের ঘটনায় পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— কাজীপাড়া এলাকার নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ,আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বিকালে ও রাতে আওয়ামী লীগের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে যশোরে যুবলীগের ব্যানারে দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে শহরের গরীবশাহ রোড এলাকায় মিছিল করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও একই পেজে আরও একটি কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে।
বিষয়টি জেলা পুলিশের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নেমে অভিযান পরিচালনা করে এবং জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটকরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে কার্যক্রম পরিচালনা করছিলেন এবং যুবলীগের মিছিলের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় বুধবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে।