যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষার শারীরিক সক্ষমতা যাচাই শেষ, লিখিত পরীক্ষার প্রস্তুতির নির্দেশ

Share

যশোর প্রতিনিধি:
যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর শারীরিক সক্ষমতা যাচাইয়ের শেষ দিন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনে প্রার্থীদের অংশগ্রহণে তিনটি গুরুত্বপূর্ণ ইভেন্ট সম্পন্ন হয়।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠ-এ এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
শেষ দিনের ইভেন্টগুলোর মধ্যে ছিল দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং। এই তিনটি ধাপে যারা কৃতকার্য হয়েছেন, শুধুমাত্র তারাই আগামী লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ইভেন্ট শুরুর আগে প্রার্থীদের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। পাশাপাশি পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে একাধিকবার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, “সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে। কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কেউ যেন আর্থিক লেনদেনে জড়িত না হন।”
এছাড়া আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের তদারকি কমিটির সদস্যগণ এবং দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read more