যশোর প্রতিনিধি:
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফয়সাল হাসান প্রান্ত (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন বারান্দীপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফয়সাল হাসান প্রান্ত যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা এবং ফজলুর রহমানের ছেলে।
জানা যায়, চোখে টর্চলাইট মারাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে একই এলাকার মোল্লাপাড়ার বাসিন্দা জিতু (৩০) ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ফয়সালের বুকের ডান পাশের সামনে ও পেছনে গুরুতর জখম হয় এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
পরবর্তীতে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
ভিকটিমের পরিবারের পক্ষ থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার
Share
Read more