যশোরে ডিবির অভিযানে ৬০ বোতল অবৈধ সিরাপ ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, আটক ১

Share

যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফ সিরাপ (ESkuf Cough Syrup) ও মাদক বিক্রির প্রায় ৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ডিবি যশোরের এসআই (নি:) মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চৌগাছা থানার পাশাপোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুড়িন্দিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কালো রঙের একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মো. জুয়েল রহমান ওরফে জুইন (৩৫)। তিনি চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামের বাসিন্দা।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে মাদক বিক্রির ৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, নিজ বাড়ির শয়নকক্ষের বক্স খাটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা আরও ৬০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more