যশোরে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির থানায় লিখিত অভিযোগ

Share

যশোর প্রতিনিধি:
যশোরের কোতোয়ালি মডেল থানায় স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ এনে এক নারী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোছা. ফাতেমা খাতুন (২৪) নামের ওই নারী জানান, তার স্বামী হাসান আলী (২৮) ও তার ভাই নজরুল ইসলাম (৩৫) দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসছেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, যৌতুকের টাকা দিতে না পারায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং এরপর তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এমনকি তার ও তার সন্তানের ভরণপোষণও বন্ধ রাখা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগী স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তবে মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছেন।
ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তাকে ও তার সন্তানকে মারধর, এমনকি প্রাণনাশের মতো ক্ষতি করতে পারে।
এ বিষয়ে ভুক্তভোগী প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read more