যশোরে দুই নারীকে জখমের ঘটনায় অভিযুক্ত শামীম আটক

Share

যশোর অফিস 
যশোর সদরের বাহাদুরপুরে দুই নারীকে মারপিটের ঘটনায় অভিযুক্ত শামীম হোসেনকে আটক করেছে পুলিশ। আটক শামীম সদর উপজেলার লেবুতলার আগ্রাইল গ্রামের বাহা উদ্দিনের ছেলে। তিনি বাহাদুরপুর গ্রামের বুলবুলের বাগানবাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত এবংওই বাড়িতেই তিনি বসবাস করেন। আর এই হামলার মামলাটি করেছেন বাহাদুরপুর কর্মকরপাড়ার সুকুমার মজুমদার।
মামলায় তিনি উল্লেখ করেন, শামীম হোসেন সন্ত্রাসী প্রকৃতির লোক। বিভিন্ন সময়ে তিনি হিন্দু সম্প্রদায়ের ওপর নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। সব সময় খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এরমধ্যে রোববার বেলা তিনটার দিকে শামীম দা ও লাঠি নিয়ে বাদীর বাড়িতে গিয়ে তার স্ত্রী কামনা রানীর ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় তিনটি কোপ মারে। এ সময় ঠেকাতে আসেন প্রতিবেশী বেবী মজুমদার নামের আরেক নারী। তাকেও একের পর এক কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে শামীম সটকে পড়ে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় দুই নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত তিনটার দিকে উপশহর বস্তি এলাকা থেকে শামীমকে আটক করা হয়।
এসআই অনুপ কুমার মণ্ডল জানান,আটকের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Read more