দাদীর মৃত্যুর সংবাদে বাড়ি ফেরা হলো না চৌগাছার আশরাফুল ইসলামের

Share

যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের বাসিন্দা।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দাদীর মৃত্যুর সংবাদ পেয়ে আশরাফুল ইসলাম খুলনা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে চৌগাছা থানার বকশিপুর বাজার অতিক্রম করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Read more