আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আজ শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে’।
বিবৃতিতে বলা হয়, এই কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যতদিন না ইরান থেকে জাহাজগুলো স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে যাতায়াতের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে, ততদিন হরমুজ প্রণালির অবস্থা কঠোর নিয়ন্ত্রণে থাকবে এবং আগের মতোই থাকবে।
এর কয়েক ঘণ্টা আগেই ইরান সতর্ক করে জানিয়েছিল, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করা হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানের সংঘাতের কারণে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) পুনরায় খোলা হয়।