যশোরে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক জখম

Share

যশোর প্রতিনিধি:
যশোরে পৃথক দুই ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাতে এসব ঘটনা ঘটে।
প্রথম ঘটনায়, কোতোয়ালী থানাধীন আর এন রোড নতুন বাজার এলাকার ইমরান হোসেন ইমন (২২) পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতের শিকার হন। তিনি আলমগীর হোসেনের ছেলে। জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশে একই এলাকার ওয়াহিদ (৪৫) নামের এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
অপর ঘটনায়, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা হাসান আহমেদ (১৭), যিনি যশোরের ঝুমঝুমপুর এলাকায় ভাড়া থাকেন, তাকেও ছুরিকাঘাত করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হামিদপুর সুলতানা ফিলিং স্টেশনের সামনে পূর্ব শত্রুতার জেরে মোল্লাপাড়ার সালমান, রবি, শিহাব, হুসাইনসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে নিতম্বে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কামুক্ত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Read more