যশোর অফিস: যশোরে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট নিজ হেফাজতে রাখার অভিযোগে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১২ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।
গ্রেফতার মোশারফ হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ক্ষিতিবদিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত জহর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই এলাকায় এক ব্যক্তি অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। পরে মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে আটক করা হয়।
পরে তার দেখানো মতে ঘরের ভেতর থেকে ১২ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। আটক মোশারফ হোসেনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।