যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ, সমঝোতার পর স্বাভাবিক যান চলাচল

Share

যশোর অফিস: যশোর-ঝিনাইদহ মহাসড়কে খাজনা বৃদ্ধিকে কেন্দ্র করে কৃষকদের অবরোধের ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কৃষকরা কাঁচামালবাহী যানবাহন রাস্তার ওপর দাঁড় করিয়ে মহাসড়ক অবরোধ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বারিনগর হাটের ইজারাদাররা ব্যবসায়ীদের কাছে কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে প্রতি মণে অতিরিক্ত ২ টাকা খাজনা দাবি করেন। এতে ব্যবসায়ীরা আপত্তি জানিয়ে হাট থেকে পণ্য কেনা বন্ধ করে দেন।

এ অবস্থায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাট ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে সমঝোতার উদ্যোগ নেন।

পরে উভয় পক্ষের আলোচনায় প্রতি মণে ২ টাকার পরিবর্তে ১ টাকা খাজনা বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়। আগে যেখানে প্রতি মণে ৮ টাকা নেওয়া হতো, এখন তা বাড়িয়ে ৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সমঝোতার পর ব্যবসায়ীরা পুনরায় কাঁচামাল কেনা শুরু করলে কৃষকরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

হাট ইজারাদার পক্ষ জানায়, কয়েক বছর ধরে হাট পরিচালনায় লোকসানের কারণে খাজনা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় বর্তমানে আর কোনো বিরোধ নেই।

Read more