যবিপ্রবিতে অ্যাক্রেডিটেশন কার্যক্রম উদ্বোধন দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানে জোর শিক্ষামন্ত্রীর

Share

যশোর অফিস 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “সিরিমনি অন সাবমিশন অফ ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর ব্যাক অ্যাক্রেডিটেশন” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, যবিপ্রবির ১৪টি বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) স্বীকৃতির জন্য একযোগে আবেদন করছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, যবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে সরকার সর্বোচ্চ সহায়তা অব্যাহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ বিএসির স্বীকৃতি অর্জন করবে এবং যবিপ্রবি আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জ্ঞান অর্জন ও গবেষণার মাধ্যমে দেশের প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে। এই দায়বদ্ধতা থেকেই প্রকৃত দেশপ্রেমের বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বলেন, তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় যবিপ্রবি দেশ ও বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। তিনি বিশ্ববিদ্যালয় ও দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে এম আনিস উল হক বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ড. ফারহানা ইয়াসমিন যবিপ্রবির সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।নীয় সকলেই এই মহতী কাজের প্রশংসা করেন।

Read more