যশোর অফিস
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় জোট।
শনিবার বিকেলে শহরের দড়াটানা মোড়ে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল এমপি।
লিফলেট বিতরণ পূর্বে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন তিনি। এসময় অধ্যাপক গোলাম রসুল বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তকে অমর্যাদা করেছে। দেশের জনগনের ৭০ শতাংশ ভোট জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ এর পক্ষে দিয়েছিল। কিন্তু বিএনপি সরকার সেই রায়কে উপেক্ষা করে আবার দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আশা করি সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করবে।
অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, গণভোট হয়েছিল বাংলাদেশে যেনো আর কোনো ফ্যাসিবাদি সরকার ক্ষমতায় আসতে না পারে। সংবিধান সংস্কার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, গুম প্রতিরোধ, সুপ্রিমকোর্ট, পুলিশ কমিশন, দুর্নীতি দমনসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাস্তবায়নে গণভো হয়েছিল। এর স্বপক্ষে জারি করা অধ্যাদেশ সরকার বাতিল করে দিয়েছে। জনগুরুত্বপূর্ণ এইসব অধ্যাদেশ বাতিল করে সরকার জনগনের বুকে ছুরিকাঘাত করেছে। আবারও বাংলাদেশকে স্বৈরাচারি শাসন ব্যবস্থার দিকে ঠেলে দেয়ার পায়তারা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গণভোট বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন করছে। জনগণকে এই আন্দোলনে শামিল হয়ে অধিকার আদায়ে রাজপথে নামার আহবান জানান তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন শহর শাখা আমির মাওলানা ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ^াস, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর শাখা সেক্রেটারি ইমরান হোসেন, সহকারি সেক্রেটারি গাজী মুকিতুল হক প্রমুখ। পরে এইচএমএম রোডসহ বিভিন্ন সড়কে ব্যবসায়ী ও পথচারীদের কাছে লিফলেট বিতরণ করে নেতৃবৃন্দ।