ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৫ বিলিয়ন ডলার সহায়তা দিতে পারে বিশ্বব্যাংক

Share

ইরান যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের সহায়তা দিতে পারে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন, সংস্থার সংকট প্রস্তুতি ও মোকাবিলা টুলকিটের আওতায় এই অর্থ ‘খুব দ্রুত’ সরবরাহ করা সম্ভব।

এ প্রক্রিয়ায় কোনো দেশে অনুমোদিত প্রকল্পের অব্যয়িত অর্থের ১০ শতাংশ পর্যন্ত জরুরি সংকট ব্যবস্থাপনার কাজে স্থানান্তরের সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি এ সংঘাত দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে বিশ্ব ব্যাংক সহযোগিতার জন্য আরও ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলারের সক্ষমতা বাড়াতে পারে কি না তা খতিয়ে দেখছে।

বিশ্ব ব্যাংকের এই সহায়তা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সহায়তার সঙ্গে যুক্ত হবে। আইএমএফ প্রধান জানিয়েছেন, দেশগুলো তাদের লেনদেনের ভারসাম্য রক্ষার জন্য ২০ থেকে ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা চাইতে পারে বলে তারা ধারণা করছেন।

সাক্ষাৎকারে বাঙ্গা আরও বলেন, বর্তমানে আমাদের কাজগুলো এমনভাবে করতে হবে, যাতে সহায়তাগুলো নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পৌঁছায় এবং এটি পুরোপুরি অস্থায়ী ও স্বচ্ছ হয়।

অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে তেল ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে, তা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে মন্থর করবে ও মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেন, উদীয়মান বাজারগুলোর এই মুহূর্তে প্রবৃদ্ধির চেয়ে মুদ্রাস্ফীতি নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিত। কারণ তেল, গ্যাস থেকে শুরু করে সালফার, হিলিয়াম ও সারের সরবরাহ ব্যাহত হওয়ার সরাসরি প্রভাব বাজারে পড়ছে।

‘প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি –উভয়ই গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রবৃদ্ধির আগে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকেই অগ্রাধিকার দেব।’

Read more