যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধিদল। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।
ইরানের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তবে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা হবে কি না তা এখনো নিশ্চিত নয়। লেবানন ইস্যুকে কেন্দ্র করে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত বুধবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সে সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছিলেন, লেবাননও এ যুদ্ধবিরতির আওতায় থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা প্রত্যাখ্যান করেন। এরপর লেবাননে একাধিক হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় এখনো পর্যন্ত লেবাননের প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ হাজার ২০০ জন।
এ পরিস্থিতিতে ইরান শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রকে আলচনায় বসতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখনো এ শর্ত মানেনি ইসরায়েল। এ নিয়েই মূলত নতুন করে উত্তেজনা বেড়েছে দুই পক্ষের মধ্যে।