যশোরে সততার অনন্য দৃষ্টান্ত: কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন ব্যবসায়ী

Share

যশোর অফিস : যশোর শহরে রাস্তায় কুড়িয়ে পাওয়া নগদ ২৩ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্যবসায়ী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চারখাম্বার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যাগটির মালিক ফখরুল হুদা,যিনি যশোর পৌরসভার অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এবং শহরের শংকরপুর এলাকার বাসিন্দা। তিনি জানান, সকালে বাজার শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে চারখাম্বার মোড়ে গাড়ির ঝাঁকুনিতে তার হাত থেকে লাল রঙের শপিং ব্যাগটি পড়ে যায়। বাড়িতে গিয়ে ব্যাগটি না পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ফিরে আসেন।

এদিকে, মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের পরিচালক ও বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম তার দোকানের সামনে রাস্তায় পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। ব্যাগটি উদ্ধার করে খুলে তিনি ভেতরে নগদ ২৩ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে পান। পরে তিনি ব্যাগটি নিজের জিম্মায় রেখে প্রকৃত মালিকের অপেক্ষা করতে থাকেন।

কিছুক্ষণ পর ফখরুল হুদাকে ব্যাগটি খুঁজতে দেখে শহিদুল ইসলাম তাকে ডেকে নেন। যথাযথ প্রমাণ ও ব্যাগের ভেতরের জিনিসপত্রের বিবরণ যাচাই-বাছাই শেষে তিনি পুরো টাকা ও কাগজপত্র মালিকের কাছে হস্তান্তর করেন।

হারানো টাকা ও কাগজপত্র ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ফখরুল হুদা। তিনি শহিদুল ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে এমন সততার উদাহরণ সত্যিই বিরল।

Read more