যশোর অফিস:
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এবং ফেডারেশনের রেফারি কমিশনের আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের কারাতে রেফারি, কোচ এবং সিনিয়র অ্যাথলেটদের অংশগ্রহণে খুলনায় জোনাল কারাতে রেফারি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী এ সেমিনার খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সঞ্চালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আলী। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ফেডারেশনের নির্বাহী সদস্য ও রেফারি কমিশনের চেয়ারম্যান আওলাদ হোসেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, হোসেন আলী, রেফারি কমিশনের সদস্য এ বি বাবেল, সাবেক নির্বাহী সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক কারাতে প্রধান প্রশিক্ষক রিয়াজ আহমেদ কবির, যশোর জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের প্রশিক্ষক মাহাবুবুর রহমান মোহন, সাহারুল ইসলাম আশা, ইমরান হাসান টুটুলসহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের কারাতে সংগঠকরা।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সেমিনার কারাতে রেফারিং দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।