যশোর অফিস
যশোরের মণিরামপুর উপজেলায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হামলায় বৈষম্যবিরোধী দুই ছাত্র আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইফতেখার আলম অভি ও সাব্বির হোসেন। তাদেরকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আগের দিন ছাত্রদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাতে তাদের ওপর হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। পুলিশ জানিয়েছে,জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।