মহান স্বাধীনতা দিবসে যশোরে জামায়াতের আলোচনা সভা; মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যের আহ্বান

Share

যশোর অফিস 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে যশোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর যশোর শহর শাখা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী যশোর জেলা আমির ও বাঘারপাড়া উপজেলার সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শহর শাখা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাঈল হোসেন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরান হুসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার কারণে সেই প্রত্যাশা পূর্ণতা পায়নি। তারা দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে রাজনৈতিক বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন যশোর সরকারি এম.এম. কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, অফিস সম্পাদক নুর-ই আলি নুর আল মামুন, সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম, কামরুল ইসলাম শিহাব, মাহমুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসে দেশের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Read more