ট্রাম্পের শান্তি আলোচনার দাবি উড়িয়ে দিল তেহরান

Share

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার পরিকল্পনা এখনও ‘পরিবর্তনশীল’ অবস্থায় রয়েছে এবং এ নিয়ে যেকোনো চূড়ান্ত বলে ধরে না নেওয়ার আহ্বান জানিয়েছে।

চলমান সংঘাতকে কেন্দ্র করে দুই দেশের সম্ভাব্য আলোচনার বিষয়ে ভিন্নমুখী বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পার্লামেন্টের স্পিকার। ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য হামলার পরিকল্পনা তিনি স্থগিত করেছেন। এদিকে সোমবার (২৩ মার্চ) ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। দেশটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এ সংক্রান্ত দাবি ‘ভুয়া খবর’ এবং তা মূলত তেলের বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বরং ভুয়া খবর ছড়িয়ে আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করার চেষ্টা চলছে এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংকটে পড়েছে, সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব তেহরান পেয়েছে, যা ভবিষ্যৎ আলোচনার সম্ভাব্য ভিত্তি হতে পারে।

Read more