যশোর অফিস: ১৪ মার্চ জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোর ও সিভিল সার্জন অফিস যশোর এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্মাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা। তারা সকলকে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশেপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।
এ সময় বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করলেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে বড় হাতিয়ার। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।