যশোর অফিস:যশোর শহরে অজ্ঞাত দুর্বৃত্তদের চাকুর আঘাতে মো. আব্দুল কাদের নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের বড়বাজার হাটচান্নি এলাকা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
আব্দুল কাদের শহরতলীর মুড়লী এলাকার বাসিন্দা ও তিনি কাজী মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৪ মার্চ) রাত দেড়টার দিকে বড়বাজার হাটচান্নি থেকে দোকান বন্ধ করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে রাজারহাট-খুলনা সড়কের আলামিন মসজিদ পার হয়ে সাব্বিরের ময়দা মিলের বিপরীত পাশে পৌঁছালে একটি রিকশাযোগে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়। তারা হঠাৎ মুখে ঘুষি মেরে তাকে ফেলে দিয়ে বাম উরুতে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।