যশোরে ৮ পৌরসভা ও ৯৩টি ইউনিয়নে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

Share

যশোর অফিস: যশোরে ৮ টি পৌরসভা ও ৯৩টি ইউনিয়নে একযোগে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় যশোর কালেক্টরেট চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা  প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এসময় সচেতনতামূলক বার্তা প্রচারে কালেক্টরেট চত্বর থেকে প্রচার মিছিল বের হয়। মিছিল শেষে কালেক্টরেট চত্বরে এডিস মশার সম্ভাব্য জন্মস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়। এই কর্মসূচির মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে সহায়তা করছে যশোর পৌরসভা, স্কাউট, বিডিক্লিনের সদস্যরা।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, প্রতি শনিবার বিশেষ মশক নিধন অভিযান পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী আমরা ডেঙ্গু প্রতিরোধে যশোরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার  এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য এ ক্যাম্পেইন শুরু করছি। আমরা শুধু মশা মারতে চাই না, মশার উৎপত্তিস্থলও ধংস করতে চাই। কোন বাসাবাড়ির অবহেলায় এডিস মশার উৎপত্তিস্থলের সৃষ্টি হলে সেই বাড়িওয়ালাকেও প্রচলিত আইনের আওতায় আনার বিধান রয়েছে। তাই আমরা সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছি।

উদ্বোধনকালে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, সিভিল সার্জন মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read more