যশোর অফিস : যশোরে তিনটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং একটি মন্দিরের পুরোহিত পেয়েছেন সরকারি সম্মানী। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তারা এ সম্মানী গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম।
সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের হাজার হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যশোর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে একটি তালিকা প্রস্তুত করে। যশোর সদর উপজেলা থেকে প্রাথমিকভাবে ৪ জন প্রতিনিধিকে এই সম্মানীর জন্য নির্বাচিত করা হয়। তারা হলেন, ফতেপুর বিসিক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: হামিদুল ইসলাম, ডাকাতিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো: আ: রহিম, কচুয়া হযরত ফাতেমা রা: জামে মসজিদের খাদেম মো: তরিকুল ইসলাম ও রামনগর খড়িচাডাঙ্গা সার্বজনীন পূজা মন্দিরের পুরোহিত প্রকাশ কুমার রায়।
তিনি আরো জানান, নির্বাচিত প্রতিনিধিদের এনআইডি (NID), মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। আজ তারা ঢাকায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি সরকারি এই সুবিধা গ্রহণ করেছেন।